ওয়ারিশকৃত দোকান অবৈধ দখলে — বৈধ মালিকের প্রাণনাশের হুমকি, ন্যায়বিচারের আবেদন Mijanur Mijanur Rahman প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫ নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর চকবাজার এলাকায় একটি ওয়ারিশকৃত দোকান অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। বৈধ মালিক মোঃ সাদিকুর রহমান সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ বিষয়ে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ৪৪ নং নন্দ কুমার দত্ত রোডস্থ হোল্ডিং নং ৪০৫–এর দোকানটি তাঁর ওয়ারিশসূত্রে প্রাপ্ত বৈধ সম্পত্তি। কিন্তু দীর্ঘদিন ধরে মোঃ নুরুল ইসলাম আদুন (পিতা— মৃত আঃ নাঈম মিয়া, সাকিন— ৯২ নং ঘোষ রোড) এবং মোঃ শাজাহান (পিতা— মৃত আঃ হান্নান, সাকিন— ৪২ নং নন্দ কুমার দত্ত রোড) অবৈধভাবে দোকানটি দখল করে ভোগদখল করছেন। সাদিকুর রহমান জানান, তিনি দোকানটির বৈধ মালিক হওয়া সত্ত্বেও উক্ত ব্যক্তিরা বহুবার ভাড়া প্রদানের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। ২০১৫ সালে তিনি ভাড়া প্রদানের দাবিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করলে অভিযুক্তরা সন্ত্রাসী চক্রের সহায়তায় তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে বিষয়টি বাংলাদেশ মনিহারি বণিক সমিতির কাছে অভিযোগ আকারে উপস্থাপন করলে তদন্ত শেষে সমিতি তাঁকে দোকানটির বৈধ মালিক বলে রায় প্রদান করে। তবে সেই রায়ের পরও অভিযুক্তরা দোকান ছাড়েনি; বরং তারা তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হাজী সেলিমের আত্মীয় পরিচয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। আবেদনে সাদিকুর রহমান আরও দাবি করেন, দখলদাররা তাঁকে বারবার হুমকি দেয় যে, “প্রতিবাদ করলে বুড়িগঙ্গা নদীতে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে।” এতে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে দোকানটির দখল ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে ওই চক্রটি নাকি ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে দোকানটির দখল বজায় রেখেছে। তিনি সরকারের নিকট আবেদন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাঁর বৈধ মালিকানা পুনরুদ্ধারের ব্যবস্থা করতে। স্থানীয়রা জানান, দোকানটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে বিষয়টি ন্যায্য সমাধানে পৌঁছায়নি। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: